প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। আর প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে তাকে সেখান থেকে সরানোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় না। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন অ্যাম্বাসেডরকে কখন ডেকে পাঠাবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একান্ত নিজস্ব সিদ্ধান্ত।’
প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন খাতে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা, স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।’
