ফুটবল থেকে অবসর নেওয়ার দীর্ঘ এক দশক পর আবারও বুট জোড়া পায়ে গলিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সী এই জাদুকরী ফরোয়ার্ডকে ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা ফুরোচ্ছে শিগগিরই।
গত জুনে ইতালির তৃতীয় সারির ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও এতদিন মাঠের বাইরেই ছিলেন সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন। তবে শুক্রবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৫ নভেম্বর স্থানীয় ডার্বি ম্যাচে ফোরলির বিপক্ষে রাভেন্নার জার্সিতে মাঠে নেমে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হতে যাচ্ছে তার। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, ‘এটি এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ববাসীর দৃষ্টি কেড়ে নেবে স্টাডিও ব্রুনো বেনেল্লির দিকে। ফুটবল বিশ্ব হয়তো ভেবেছিল ঘটনাটি অবিশ্বাস্য, তবে আমরা আজ নিশ্চিত করছি—ফিরছে সেই পুরোনো জাদু, সেই চিরচেনা হাসি এবং এমন এক প্রতিভার আগমন, যিনি সমর্থকদের বিভেদ ভুলে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন।’ রাভেন্নার মালিক ও বিখ্যাত সিপ্রিয়ানি রেস্তোরাঁ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ইগ্নাজিও সিপ্রিয়ানি আগেই নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন। তার ইচ্ছা ছিল, ক্যারিয়ারের শেষ গোলটি যেন এই ক্লাবের হয়েই করেন ব্রাজিলিয়ান মহাতারকা। চলতি বছরের আগস্টে সমুদ্রসৈকতে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে রোনালদিনহোকে ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের জার্সিতে সিরি আ মাতিয়েছিলেন রোনালদিনহো। পিএসজি, বার্সেলোনা ও মিলানের মতো ইউরোপের সেরা ক্লাবের হয়ে খেলার পাশাপাশি ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এবং ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করেছেন তিনি। ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে ক্লাবটি আরও বলেছে, ‘কিছু ফুটবলার স্মরণীয় হয়ে থাকেন তাঁদের ট্রফি আর অর্জনের জন্য, আর কিছু ফুটবলার হৃদয়ে জায়গা করে নেন ভক্তদের কেমন অনুভূতি উপহার দিলেন তার ওপর ভিত্তি করে। রোনালদিনহো সেই বিরল গোত্রের খেলোয়াড়, যার জাদুকরী ড্রিবলিং আর অমলিন হাসি ফুটবলকে এক পলকে নির্মল আনন্দে পরিণত করে।’ বর্তমানে ইতালিয়ান সিরি সির নিজ গ্রুপে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রাভেন্না। দীর্ঘ এক যুগ পর মাঠে ফেরা রোনালদিনহোর জাদুকরী মুহূর্ত দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।
