রোনালদোর গোল নিয়ে বিতর্ক

রোনালদোর গোল নিয়ে বিতর্ক

ফন্ট সাইজ:

মাঠে ফিরেই আল নাসরকে জেতান ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রাতে সৌদি প্রো লীগে আল ফাইসালির বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পায় তার দল। তবে ম্যাচের সব আলো কেড়ে নেয় ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের করা একটি বিতর্কিত গোল। বলটি জালের দেখা পেলেও তা রোনালদোর নিজস্ব গোল নাকি প্রতিপক্ষের আত্মঘাতী—তা নিয়ে ফুটবল বিশ্বে তৈরি হয় ধোঁয়াশা।

ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে বক্সের ভেতর উঁচুতে লাফিয়ে হেডের চেষ্টা করেন রোনালদো। বলটি সরাসরি তার মাথায় লাগে কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়। পর্তুগিজ মহাতারকা তার ট্রেডমার্ক ভঙ্গিতে নিজের ক্যারিয়ারের ৯৮২তম গোল উদ্‌যাপন করলেও রিপ্লেতে ভিন্ন চিত্র দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, বলটি শেষ মুহূর্তে আল ফাইসালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। সৌদি প্রো লীগ কর্তৃপক্ষ অবশ্য আনুষ্ঠানিকভাবে গোলটি রোনালদোর নামেই লিপিবদ্ধ করে। এই হিসাবে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল। তবে আন্তর্জাতিক স্পোর্টস ডাটা সংস্থা ‘অপ্টা’ ও ইএসপিএন গোলটিকে জিরোত্তোর আত্মঘাতী গোল হিসেবে গণ্য করে। এই বিতর্ককে তোয়াক্কা না করে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে উদ্‌যাপনের ছবি পোস্ট করে রোনালদো সংক্ষেপে লেখেন, ‘লেটস গো!’ এর আগে ম্যাচের শুরুতেই আবদুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর।

বিতর্কিত বলটিতে ব্যবধান ২-০ হওয়ার পর ফাইসালির হয়ে থেও বংগোন্ডা একটি গোল শোধ করেন। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে তরুণ উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করলে আল নাসরের ৩-১ গোলে জয় সুনিশ্চিত হয়। মাঠে ফিরে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন এই পর্তুগিজ তারকা। এই জয়ে পয়েন্ট টেবিলে আল কাদসিয়াহ ও আল হিলালের সঙ্গে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে থাকে আল নাসর।