ফুটবল মাঠে অসামান্য কীর্তি আর মাঠের বাইরে মানবিক অবদানের অনন্য স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। স্পেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘদিনের সাবেক অধিনায়কের এই বিশ্বজয়ী অর্জনে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা।
গতকাল স্পেনের আস্তুরিয়াস প্রদেশের রাজধানী ওভিয়েদোয় আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মেসির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্প্যানিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোর সরাসরি তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভেন্যুর বাইরে আর্জেন্টিনার জার্সি গায়ে শত শত সমর্থক ভিড় জমান এবং প্রিয় তারকার নামে স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। মেসির দুই দশকের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতকরণে বিশেষ অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে পুরস্কারের বিচারকমণ্ডলী।
অনুষ্ঠানে প্রিন্সেস লিওনোর মেসির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘খেলার পরিস্থিতি নিখুঁতভাবে বোঝা এবং মুহূর্তের ভগ্নাংশে কার্যকর সিদ্ধান্ত নেয়ার যে অনন্য ক্ষমতা তাঁর রয়েছে, তা দিয়ে সাধারণ বিষয়গুলোকেও তিনি প্রতিদিনের অভ্যাসে রূপান্তর করেছেন। নিজের অহংবোধ পেছনে ফেলে দলের যৌথ স্পিরিটকে তিনি সব সময় প্রাধান্য দিয়েছেন।’ মেসির ঝুলিতে জমা পড়া এই নতুন পালকে স্মারক বার্তা পাঠাতে ভুল করেনি তার ফুটবল জীবনের মূল ঠিকানা বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কাতালান ক্লাবটি লেখে, ‘২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড জয়ের জন্য লিওনেল মেসিকে অভিনব শুভেচ্ছা। আপনার অসামান্য প্রতিভার উপযুক্ত স্বীকৃতি এটি, যা মাঠ ও মাঠের বাইরে স্থায়ী প্রভাব ফেলেছে। অসাধারণ দক্ষতা, খেলাধুলার প্রতি আনুগত্য এবং সামাজিক দায়বদ্ধতার কারণে আপনি বিশ্ব ফুটবলের এক অনন্য বেঞ্চমার্কে পরিণত হয়েছেন।’
১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের অন্যতম শীর্ষ সম্মাননা। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, এলিউড কিপচোগে ও লিন্ডসে ভনের মতো ক্রীড়াতারকারা এই পুরস্কারে ভূষিত হয়েছেন। বার্সেলোনার ২১ বছরের ক্যারিয়ারে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জেতা আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন।
