টঙ্গীতে গাড়ি চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তপন চন্দ্র দাস (৫০) এবং তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তারা শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা। টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ চৌরাস্তা এলাকায় ভাড়ায় বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে বাবা ও ছেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে তার বাবা তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
