লড়াইয়ের বার্তা দিয়ে ভারতে আশরাফুল-আমিরুলরা

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

লড়াইয়ের বার্তা দিয়ে ভারতে আশরাফুল-আমিরুলরা

ফন্ট সাইজ:

হকির বৈশ্বিক র‌্যাঙ্কিং অনুযায়ী, এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে খেলা ছয় দলের মধ্যে সবার শেষে বাংলাদেশ। এ টুর্নামেন্টে অংশ নেয়ার কথাও ছিল না। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক ভারতে যেতে অস্বীকৃতি জানালে তাদের স্থলাভিষিক্ত হয় বাংলাদেশ। মহাদেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার সুযোগে সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ পিটার গেরহার্ড শিষ্যদের। গতকাল দেশ ছাড়ার আগে শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা এ দলগুলোর বিপক্ষে লড়াইয়ের বার্তা দেন আশরাফুল-আমিরুলরা। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ জাতীয় হকি দল। দেশ ছাড়ার আগে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। তবে আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। দেশের জন্য ভালো কিছু অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।’

র‌্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, স্বাগতিক ভারত বর্তমানে বিশ্বের অষ্টম দল হিসেবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী এবং র?্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল। এ ছাড়া, মালয়েশিয়া (১৪তম), জাপান (১৬তম), দক্ষিণ কোরিয়া (২০তম) এবং চীন (২১তম)। যারা বাংলাদেশের (২৭তম) চেয়ে র‌্যাঙ্কিং ও শক্তির বিচারে এগিয়ে থেকে টুর্নামেন্ট শুরু করবে। এ প্রসঙ্গে সহকারী অধিনায়ক আমিরুল ইসলাম বলেন, ‘এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলে ভালো অভিজ্ঞতা তৈরি হবে। আমাদের দুর্বলতা কোথায় আছে, জানতে পারবো। আমাদের জন্য এ টুর্নামেন্টে খেলতে পারা একটি বড় সুযোগ। চীন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো ফলের সুযোগ আছে। বাকিটা দেখা যাক।’

গত ৬ই অক্টোবর এশিয়ান গেমস
খেলে দেশে ফেরে বাংলাদেশ হকি দল। এরপর ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দেন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া হকি খেলোয়াড়রা। ভারতে যাওয়ার আগে তারা হেড কোচ পিটার গেরহার্ডের অধীনে এক সপ্তাহ ক্যাম্প করেন। ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দেশের এই প্রতিযোগিতা। আগামী ২৭শে অক্টোবর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হয়ে অভিযান শুরু করবেন আশরাফুলরা। এরপর ২৯শে অক্টোবর জাপান, ৩০শে অক্টোবর মালয়েশিয়া, ১লা নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২রা নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। লীগ পর্ব শেষে ৪ঠা নভেম্বর সেমিফাইনাল এবং ৫ই নভেম্বর স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়। টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করে। রাউন্ড-রবিন লীগ পর্বে নিজেদের ৪টি ম্যাচের সবক’টিতে হেরে বিদায় নেয়। এরপর ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের আসরগুলোতে বাংলাদেশ দল খেলার সুযোগ পায়নি। দীর্ঘ পাঁচ বছর পর এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেলো লাল-সবুজ প্রতিনিধিরা।