পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের ১২ উপজেলায় সৌদি আরবের উপহার দেওয়া ২২৫ কার্টন খেজুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ রমজান অতিবাহিত হলেও জেলার বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এ সব খেজুর বিতরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। খেজুর বিতরণে ধীরগতি, প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ ও স্বচ্ছতার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা করহম ঝধষসধহ ঐঁসধহরঃধৎরধহ অরফ ধহফ জবষরবভ ঈবহঃবৎ- এর পক্ষ থেকে উপহার হিসেবে প্রেরিত খেজুর সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিতরণের জন্য ২২৫ কার্টন বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক স্মারকে বলা হয়, জেলার ১২টি উপজেলার জন্য এ খেজুর উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। তবে রমজানের ২০ দিন পার হলেও অধিকাংশ স্থানে গরিব ও দুস্থ মানুষের ভাগ্যে এ সব খেজুর জোটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। স্মারক অনুযায়ী উপজেলার ভিত্তিতে খেজুর বরাদ্দের মধ্যে ছাতক উপজেলায় ২৮ কার্টন, দোয়ারাবাজারে ২৩ কার্টন, সুনামগঞ্জ সদরে ২৪ কার্টন, জগন্নাথপুরে ২২ কার্টন, তাহিরপুরে ২১ কার্টন, বিশ্বম্ভরপুরে ১৫ কার্টন, দিরাইয়ে ১৭ কার্টন, জামালগঞ্জে ১৭ কার্টুন, শান্তিগঞ্জে ১৭ কার্টুন, ধর্মপাশায় ১৭ কার্টুন, মধ্যনগরে ১২ কার্টুন এবং শাল্লা উপজেলায় ১২ কার্টুন বরাদ্দ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা ভিত্তিক বরাদ্দ অনুযায়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে খেজুর বিতরণ করবেন। এছাড়া জেলা ত্রাণ গুদাম থেকে দ্রুত খেজুর সংগ্রহ করে বিধি অনুযায়ী বিতরণ এবং হিসাব সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। তাহিরপুরের বাসিন্দা শাহরিয়ার হাসান রুবেল বলেন, আগে কেউ পেয়েছে কি না জানি না। তবে এখন পর্যন্ত কাউকে খেজুর পেতে দেখিনি। স্থানীয় বাসিন্দা শরিফ আহমদ বলেন, বিশ রোজা চলে গেল, অথচ একটা সৌদির খেজুরও পাইনি। একটা পেলেও মনে সান্ত্বনা পেতাম। তৌফিক নামে আরেকজন বলেন, গত ১৬ বছরেও সৌদির দেওয়া খেজুর বা দুম্বার মাংস পাইনি, এখনো পাচ্ছি না। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, আমি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। সচিব আমাকে জানিয়েছেন আজ দুপুরে ইউএনও কার্যালয় থেকে কার্টনে শুকনো কিছু দেওয়া হয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, দুপুরে ফোন করে জানানো হয়েছে ইউএনও কার্যালয় থেকে খেজুর নিয়ে এসে বিতরণ করার জন্য। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, আমরা ১০ মার্চ খেজুর গ্রহণ করেছি এবং ১১ মার্চ ইউনিয়নভিত্তিক ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণের জন্য দিয়ে দিয়েছি।
সুনামগঞ্জে সৌদির উপহার দেওয়া খেজুর বিতরণে ধোঁয়াশা
এমএ রাজ্জাক, সুনামগঞ্জ থেকে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
