ময়মনসিংহের ত্রিশালে ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে কর্তৃপক্ষ ঈদের আগে আংশিক বেতন ও বোনাস দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। বুধবার বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে এ অবরোধ করে শ্রমিকরা। জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার রামপুর এলাকায় অবস্থিত জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেড’র শ্রমিকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির মালিক মি. গু দোভাষীর মাধ্যমে ঘোষণা দেন যে চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন দেয়া হবে এবং ঈদের বোনাস ঈদের পরে পরিশোধ করা হবে। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বেলা পৌনে ১২টার থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঈদের আগে বেতন ও বোনাস প্রদানের দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ত্রিশাল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর সদস্যরা পৌঁছান। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানা আক্তার, সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান উপস্থিত হয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে মালিকপক্ষ আগামী ১৬ মার্চ ১০ দিনের বেতন এবং ঈদের বোনাস প্রদান করা হবে বলে ঘোষণা দিলে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। গার্মেন্টস শ্রমিক রতন মিয়া ও ফাতেমা বেগম জানান, ঈদের আগে বেতন-বোনাস না পেলে আমরা পরিবারের জন্য কেনাকাটা করতে পারব না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নামি। ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন-বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণে রয়েছে।
ত্রিশালে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
