আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

ফন্ট সাইজ:

প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ ওয়ানডেতে জিতলেই সিরিজ নিজেদের করে নেয়ার সুযোগ ছিল যুবাদের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক ফরিদ হাসানের ৮২ রানের ইনিংসের পরও আফগানিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে তারা। এতে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। গতকাল আল আমিরাত গ্রাউন্ডে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক ফরিদ হাসান। আফগানিস্তানের সোহেল খান ও আমির হামজা তিনটি করে উইকেট নেন। জবাবে ২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। ১০.৫ ওভারে ৩৫ রানে ২ উইকেট হারায় তারা। আব্দুল্লাহ নাদারজানকে ৮ রানে ফেরান আল আমিন হোসেন। ফরিদুল্লাহ ইহসাস ১৬ রান করে ফারহান সাদিকের বলে বোল্ড হন। এরপর সুবাহ জাখাইল ও নোমান সালারজাই তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়েন।

২৪ রান করা সালারজাইকে বোল্ড করেন রবিউল হাসান অনিক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। ৩৮.৩ ওভারে ১৬২ রানে ৫ উইকেট হারালে জয়ের জন্য শেষ ৬৯ বলে তাদের প্রয়োজন ছিল ৫৮ রান। হাতে পাঁচ উইকেট থাকলেও ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু ষষ্ঠ উইকেটে অধিনায়ক সোহেল খান ও তাহির সারওয়ারীর ৫৪ রানের জুটি সেই সম্ভাবনা শেষ করে দেয়। সোহেল ১৮ রান করে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সারওয়ারী। ৭৬ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৬৭ রান করেন তিনি। ৪৯তম ওভারের প্রথম বলে অনিককে ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন এই ব্যাটার। বাংলাদেশের হয়ে আল আমিন হোসেন দুটি উইকেট নেন। শাকিল খান, ফারহান সাদিক, রবিউল হাসান অনিক ও আলী রাফি পেয়েছেন একটি করে উইকেট। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরে যায়। চতুর্থ ম্যাচেও হারায় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলো যুবাদের। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে আফগানিস্তান।