ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অভিযানে নামছে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অভিযানে নামছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় বাংলাদেশ। আগামীকাল ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আজ আজারবাইজানের বাকুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ফিফার ২১১ সদস্য দেশের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৮৯টি দেশের দল। ফুটবলকে ঘিরে উৎসব ছড়িয়ে দিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় এক হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও ক্রিস্টাল হলে হবে খেলাগুলো।
বাকুতে পৌঁছে দু’টি অনুশীলন সেশন করেছে বাংলাদেশ দল। দলের প্রস্তুতি নিয়ে কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘কাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ইউরোপিয়ান দল ওয়েলস। আমাদের ছেলেরাও প্রস্তুত।’ প্রতিপক্ষ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় নিজেদের পরিকল্পনায় ভরসা রাখছেন কোচ। প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে পরবর্তী কৌশল ঠিক করতে চান তিনি। আকবর হোসেন বলেন, ‘আমরা নিজেদের গেম প্ল্যানের ওপর ভরসা করছি।

আগামীকালের ম্যাচের ওপর নির্ভর করে প্রতিপক্ষের সামর্থ্য ও খেলার ধরন সম্পর্কে ধারণা নেবো। আশা করি, ছেলেরা হতাশ করবে না, ভালো পারফরম্যান্স দেখাবে।’ আটজনের দল নিয়ে হবে এই প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচের দুই অর্ধ হবে ২০ মিনিট করে। গ্রুপ পর্ব শেষে দলগুলোকে ছয়টি টিয়ারে ভাগ করে হবে পরবর্তী পর্বের খেলা। ‘এ’ টিয়ারের শীর্ষ দল জিতবে প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ- ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও পর্তুগাল। গ্রুপে ওয়েলস ও পর্তুগালের মতো ইউরোপীয় দল থাকায় চ্যালেঞ্জটা কঠিনই হবে বাংলাদেশের জন্য। তবে গোলকিপিং কোচ আরিফুজ্জামান হিমেলের লক্ষ্য স্পষ্ট- ‘আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ওয়েলস-পর্তুগালের মতো ইউরোপের টপ টিম রয়েছে বাংলাদেশের গ্রুপে। বলার অপেক্ষা রাখে না, গ্রুপ চ্যাম্পিয়ন হতে কঠিন পরীক্ষা দিতে হবে আকবর হোসেনের শিষ্যদের।