Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
পাঁচ বছরে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য - MZamin

পাঁচ বছরে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য

ফন্ট সাইজ:

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। টুর্নামেন্ট হবে ২৮শে অক্টোবর পর্যন্ত। এবারের আসরে দেশের জেলা, বিভাগ, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থা মিলিয়ে মোট ৮৮টি দল থেকে রেকর্ডসংখ্যক ৬১৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫৩৫ জন পুরুষ ও ৮১ জন নারী শাটলার রয়েছেন। টুর্নামেন্টে মোট ১০ লাখ টাকা প্রাইজমানির পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি বৈদ্যুতিক বাইক।

ব্যাডমিন্টনের আন্তর্জাতিক মানোন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে খেলাটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চলছে। এ জন্য দেশের মাটিতে অন্তত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে এবং বাংলাদেশের খেলোয়াড়দেরও বিদেশের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ তৈরি করা হবে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ব্যাডমিন্টনের প্রসারে সরকার শুধু ঢাকা বা শীতকালে সীমাবদ্ধ না থেকে বছর জুড়ে সারা দেশে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৫ই নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন করা হবে, যেখানে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া জানুয়ারি থেকে ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।