সৌদি আরবে আবারও হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে আবারও হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের

ফন্ট সাইজ:

সৌদি আরবে ফের হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি। বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এ হামলা হয়। ওই হামলায় এক ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে। আহতদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহত বাংলাদেশিরা হলেন- কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।