দেশের সংগীতাঙ্গনে তিন দশকেরও বেশি সময় ধরে গিটারের সুরে অসংখ্য শিল্পীর গান সমৃদ্ধ করেছেন গিটারবাদক রাসেল খান। সংগীতজগতের পরিচিত এই শিল্পী আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন রাসেল খান। বিভিন্ন শিল্পীর মঞ্চ পরিবেশনায় তার গিটারের সুর ছিল পরিচিত অনুষঙ্গ। গিটারবাদক হিসেবে কাজ করার পাশাপাশি মাঝেমধ্যে নিজেও গান গাইতেন তিনি। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল খান। সেটিই ছিল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর বনানীতে একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। রাসেল খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
