বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ সংঘর্ষ, যুবক নিহত

বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ সংঘর্ষ, যুবক নিহত

ফন্ট সাইজ:

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। তবে হামলার আগে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সদর উপজেলার ‘চর কুলপদ্বী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। সে হত্যাসহ একাধিক মামলার আসামি। আহতরা হলো- মহসিন চৌকিদার ও জহির চৌদিকার। তারা কালিনগরের মোতালেব চৌদিকারের ছেলে। অপরদিকে আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে। উন্নত চিকিৎসার জন্য জহির ও মহসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ ছাড়া আলামিন মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ মহসিন ও জহির। এ সময় ইজি বাইকযোগে বোরকা পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিনের ওপর হামলা করে তাইজুল ও তার সঙ্গীরা। পরে মিলনের নেতৃত্বে তার দলের লোকজন ও স্থানীয়রা তাইজুলসহ তার সঙ্গীদের কুপিয়ে জখম করে। পরে তাইজুলসহ আহতদেরকে উদ্ধার করে কালকিনি উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুলের মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবি, সকালে কালকিনির আলিনগরের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার তার দলবল নিয়ে তাইজুলের ওপর আক্রমণ করে। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান হাফিজুর ও তার অনুসারীদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান সাহীদ পারভেজ ও তার অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। দুইপক্ষের মধ্যে আগেও বিভিন্ন সময় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে। এ বিষয়ে হাফিজুর রহমান মিলন বলেন, তারা চাদাবাজ। এর আগেও তারা হত্যার উদ্দেশ্য আমার বাড়িঘরে আগুন দিয়েছে। বৃহস্পতিবার সকালে হত্যার উদ্দেশ্য বোরকা পরে এসে কালিগঞ্জ বাজারে চায়ের দোকানে আমাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা তাদের প্রতিহত করে। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।