সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় ২ বাংলাদেশিসহ আটজন আহত হয়েছেন। আহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের একজনের নাম সজল চন্দ্র দাস ও অন্যজন মোহাম্মদ আবদুর রহিম। তারা সুস্থ আছেন। আজ হাসপাতাল থেকে তারা ছাড়া পেতে পারেন। বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তবে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১শে অক্টোবর রাত ৯টার দিকে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক হামলায় দুই বাংলাদেশি আহত হন। বর্তমানে তারা দাম্মামে সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, আহত দুই বাংলাদেশি গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ আছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আজ শুক্রবার তারা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তাদের একজন হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস। আরেকজন হলেন নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম।
ওদিকে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন। বার্তা সংস্থা রয়টার্স, অনলাইন আরব নিউজ এ খবর প্রকাশ করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার ওই হামলায় নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয়। কর্তৃপক্ষ আরও জানায়, হামলার ফলে বিমানবন্দরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছিল। তবে এরই মধ্যে বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
এদিকে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বৃহস্পতিবার দিনের শেষভাগে জানান, রিয়াদ ও মদিনা অঞ্চলে পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বুধবার সন্ধ্যায় বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলায় নিহত দু’জনের পরিচয়ও প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক। এ ছাড়া ভারতীয়, ইয়েমেনি ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে দু’জন করে এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। বিবৃতিতে বলা হয়, আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে একটি তেল স্থাপনায় হামলার ঘটনায় দু’জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সৌদি আরামকো’র শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনাকে লক্ষ্য করে আসা ড্রোনটি প্রতিহত করা হয়। তবে ড্রোনটি ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও আরও দুজন আহত হন। জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহত দুজনের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক। মন্ত্রণালয় আরও জানায়, শায়বাহ তেলক্ষেত্রের সীমানার বাইরে সেখানে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে বৃহস্পতিবার ভোরে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য গঠিত জোট জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
