কালামের সেঞ্চুরি বিসিবি একাদশের ৩৭১

কালামের সেঞ্চুরি বিসিবি একাদশের ৩৭১

ফন্ট সাইজ:

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজ আগে ফিল্ডিং নিয়ে বিসিবি একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। দিনের খেলা শেষে ৯০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৭১ রান তোলে স্বাগতিকরা। ইনিংসের শুরুতে মাহফিজুল ইসলাম চার রান করে আউট হন। এরপর জিসান আলম ১০০ বলে ১১টি চার ও দু’টি ছক্কা মেরে ৮৬ রান করেন। ইফতেখার হোসেন ইফতি ৬২ বলে ১৮ রান করেন। জাকের আলী ৪৮ বলে ৩০ রান করেন। জাকের আউট হওয়ার পর কালাম সিদ্দিকী ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কা মেরে ১৩৫ রান করেন। নিজের সেঞ্চুরি নিয়ে কালাম বলেন ‘ওখানেও (এনসিএল) ভালো ইনিংস হচ্ছিল, ১০০ হয়নি। এখানে আসলাম, সেম প্যাটার্নে খেলার চেষ্টা করেছি। ১০০ হয়েছে, আলহামদুলিল্লাহ্।’ ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ভেতরে জেডেন বিশপ ও হজ দু’টি করে উইকেট নেন। কালামের বিদায়ের পর রিজওয়ান ১০৬ বলে ৫৯ রান করেন। শামীম হোসেন ৩০ বলে ৩৫ রান করে এখন ক্রিজে আছেন।

আবদুল হালিম কোনো রান না করে শামীমের সঙ্গে ক্রিজে আছেন। শামীম ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা মারেন। মাঠের ভেতরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা জিসানকে সেøজিং করেন। জিসান বাউন্সার লিভ করার কারণে বোলাররা এই কাজ করেন বলে কালাম জানান। নিজের খেলার সময় সেøজিং নিয়ে কালাম বলেন ‘একদম নরমাল ছিলাম। আমরা আমাদের ডোমেস্টিকেও খেলি, তখন বড় ভাইয়েরা আমাদের ওপর প্রেসার ক্রিয়েট করে। এখানেও সিমিলার, অতটা কষ্ট হয়নি। উইকেট ভালো ছিল, তাই নরমাল ছিলাম।’ মাঠে কেমার রোচের বল খেলেন কালাম। তাকে নিয়ে কালাম বলেন ‘অবশ্যই একটা স্বপ্ন ছিল যে ওয়েস্ট ইন্ডিজের মতো এমন একটা বড় জাতীয় দল, যাদের মধ্যে অনেক নামিদামি ভালো প্লেয়ার আছে, তাদের বিপক্ষে খেলা।

বিসিবি একাদশে খেলে সেই স্বপ্নটা আজকে কিছুটা পূরণ হলো। সামনে চেষ্টা করবো এমন ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে আরও খেলার।’ পিচ নিয়ে কালাম বলেন, ‘উইকেট খুব ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য খুব ভালো। পেস বোলারদের জন্য একটু সুবিধা ছিল, তবে স্পিনারদের জন্যও উইকেটটা ভালো ছিল।’ সেঞ্চুরি রেকর্ড বুকে থাকবে কি না— সেই প্রশ্নে কালাম বলেন, ‘না না, নিজের রেকর্ড বুকে তো অবশ্যই থাকবে। সামনে এনসিএল খেলাগুলো আছে, আশা করি আরও ভালো হবে।’ সতীর্থদের প্রতিক্রিয়া নিয়ে কালাম বলেন, ‘সবাই খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করেছে এবং অভিনন্দন জানিয়েছে।’ লক্ষ্য নিয়ে কালাম বলেন, ‘আজকে একটি ভালো ইনিংস হলো, চেষ্টা করবো এটা কন্টিনিউ করতে।’