বিশ্বকাপের পর থেকে লিওনেল স্কালোনিকে নিয়ে ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিল। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়ে দিতে পারেন তিনি। তবে সব সংশয় দূর করে আলবিসেলেস্তে সমর্থকদের সুখবর দিলেন ৪৮ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছে ২০২৮ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের পদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। দুই পক্ষের সম্মতিতে এই চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগও রাখা হচ্ছে। আর্জেন্টাইন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ফিফা উইন্ডোতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকে চুক্তির বিভিন্ন শর্ত ও আর্থিক দিকগুলো চূড়ান্ত করেন স্কালোনি। নতুন চুক্তিতে কিছু বিশেষ শর্ত যুক্ত হলেও সেগুলো এখনো প্রকাশ করা হয়নি।
আগামী ৯ থেকে ১৭ই নভেম্বরের ফিফা উইন্ডোতে যখন স্কালোনি দেশে থাকবেন, তখনই চুক্তি স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে স্কালোনির চলতি মেয়াদের চুক্তি। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বছরের শেষ দুই প্রীতি ম্যাচে বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরায় উরুগুয়ে এবং কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দু’টির জন্য জাতীয় দলের ক্যাম্প চলাকালেই চুক্তি নবায়নের কাঙ্ক্ষিত সেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। স্কালোনির কোচিং স্টাফের সঙ্গে চুক্তি বাড়াতে চায় এএফএ। স্কালোনির সঙ্গে পাবলো আইমার, রবার্তো আয়ালা ও ওয়াল্টার স্যামুয়েলকে কোচিং প্যানেলে রাখার তোড়জোড় চলছে। যদিও সহকারী কোচ স্যামুয়েল নিজে প্রধান কোচ হওয়ার বার্তা দিয়ে রেখেছেন।
তবুও সাম্প্রতিক বছরগুলোর অবিশ্বাস্য সাফল্য বিবেচনা করে পুরো টিমকে এক সুতোয় বেঁধে রাখতে জোর চেষ্টা চালাচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। ২০১৮ সালের সেপ্টেম্বরে যখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনিকে দায়িত্ব দেয়া হয়। তার কোচিংয়ে ট্রফি খরা কাটিয়ে বিশ্ব ফুটবলে নতুন এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে আর্জেন্টিনা। স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।
নতুন চুক্তি চূড়ান্ত হলে আর্জেন্টিনার ডাগআউটে এক দশক পূর্ণ হবে স্কালোনির।
