ইউনাইটেডকে হারিয়ে স্বপ্নের কথা শোনালেন নিকো পাজ

উয়েফা চ্যাম্পিয়নস লীগ

ইউনাইটেডকে হারিয়ে স্বপ্নের কথা শোনালেন নিকো পাজ

ফন্ট সাইজ:

ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়ার সামনে দাঁড়িয়ে নিকো পাজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি ম্যাচ। আমি এই রাতের কথা কখনো ভুলবো না।’ ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো চ্যাম্পিয়নস লীগে ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই প্লেমেকার। পাজ বলেন, ‘এমন ফলাফল আমার স্বপ্নের চেয়েও বড় কিছু। আমরা অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছি। আমাদের এই ধারা বজায় রাখতে হবে, তবে এটি কোমোর সবার জন্য একটি ঐতিহাসিক রাত ছিল। আমরা কতোদূর যেতে পারি, তা না ভেবে, আমাদের এই পারফরম্যান্স ধরে রাখতে হবে এবং প্রতিটি ম্যাচকে শেষ ম্যাচ মনে করে মাঠে নামতে হবে।’

ম্যাচ শুরুর দুই মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে কোমোকে এগিয়ে দেন পাজ। ৪৯ মিনিটে তার পাসে ব্যবধান দ্বিগুণ করেন আনাস্তাসিওস দুভিকাস। ৫৭ মিনিটে কার্লোস বালেবার ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পাজ। ৭৬ মিনিটে কাইকি ব্রুনোর ক্রসে হেডে চতুর্থ গোল করেন জ্যাকোবো রামন। যোগ করা সময়ে আমাদ দিয়ালোর ক্রসে হেডে ব্যবধান কমান জশুয়া জির্কজি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকলো মাইকেল ক্যারিকের ইউনাইটেড। সংখ্যাও বলছে রাতটা কেন বিশেষ। সেপ্টেম্বরের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান লীগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি গোলে অবদান পাজের, ৮ ম্যাচে ৯টি (৪ গোল, ৫ অ্যাসিস্ট)। কোনো ইংলিশ দলের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে তিন বা এর বেশি গোলে অবদান রাখা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বয়স ২২ বছর ৪৩ দিন। সামনে শুধু পোর্তোর আন্দ্রে সিলভা। ২০০৯ সালে বায়ার্নের বিপক্ষে মেসির পর এ কীর্তি গড়া কনিষ্ঠতম আর্জেন্টাইনও তিনি। কোমোর এটি টানা দ্বিতীয় হোম জয়। ১৯৯৭-৯৮ মৌসুমে উদিনেসের পর প্রথম ইতালীয় দল হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম দুই হোম ম্যাচেই জিতলো তারা।

মরিনহো: ক্লাসিকো অন্য ম্যাচের মতোই
বার্নাব্যুতে লাইপজিগকে ৪-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। গোল করেছেন বের্নার্দো সিলভা (৪৩ মিনিট), আরদা গুলের (৫২), কিলিয়ান এমবাপ্পে (৮৩) ও ইয়ান দিওমান্দে (৮৭)। রিয়ালের জার্সিতে এটি সিলভার প্রথম গোল। এমবাপ্পের এটি ১২ ম্যাচে ১২তম গোল। এই জয়ে চ্যাম্পিয়নস লীগে টানা তিন ম্যাচ জিতলো রিয়াল। রোববার রাতে লা লিগায় তাদের সামনে বার্সেলোনা। অপরাজিত বার্সা ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ছয় পয়েন্ট পিছিয়ে তৃতীয় রিয়াল। দীর্ঘ বিরতির পর ক্লাসিকোর ডাগআউটে ফিরছেন জোসে মরিনহো। ম্যাচ শেষে বলেন, ‘ক্লাসিকো নিয়ে বেশি ভাবছি না। এটা লা লিগার অন্য ম্যাচের মতোই। হ্যাঁ, কিছুটা তো বাড়তি চাপ থাকবেই। এটা অস্বীকার করার উপায় নেই।’ রেফারি কে হবেন, তা নিয়ে প্রতিবারের মতো এবারো আলোচনা। মরিনহো বলেন, ‘কে রেফারি থাকবে, প্যানেলে কারা থাকবেন, সেটা আমরা জানি না। হয়তো ম্যাচের আগে জানানো হবে। এই ইস্যুতে মাথাব্যথা নেই। আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে চাই।’

আর্সেনাল ম্যাচ ড্র’য়ের ম্যাচে সাকার চোট
বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ভাইরাসে আক্রান্ত কোচ ভিনসেন্ট কোম্পানি ও মানুয়েল নয়্যারকে নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে দু’জনই ছিলেন। ম্যাচের সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল অধিনায়ক বুকায়ো সাকা। বদলি এবেরেচি এজে ২৫ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন। ১০ মিনিট পর কেইনের পাসে সমতা ফেরান আলফোনসো ডেভিস। ৬১ মিনিটে ভিএআরের পর পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। ৮২ মিনিটে ডেকলান রাইস সমতা ফেরান। আর্সেনাল তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম। বায়ার্ন টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়ে ৫ পয়েন্টে ১৪তম।