টাইগ্রেসদের বিপক্ষে আলো ছড়ানো পেসার নিষিদ্ধ

ফন্ট সাইজ:

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে আলো ছড়ান অস্ট্রেলিয়া নারী দলের অভিজ্ঞ পেসার মেগান শুট। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে জেতেন সিরিজ সেরার পুরস্কার। তবে সেই ছন্দের পর পরই বড় ধাক্কা খান ৩৩ বছর বয়সী এই অজি তারকা। মাঠের বাইরে চিকিৎসকের প্রেসক্রিপশনের ওষুধসংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

প্রতিযোগিতার বাইরে থাকাকালে ক্রিকেট বোর্ডের স্পোর্টস মেডিসিন নির্দেশিকা মানতে ব্যর্থ হওয়ায় এই শাস্তির মুখোমুখি হন শুট। তবে এটি কোনো ধরনের পারফরম্যান্স বর্ধক ওষুধ ছিল না এবং অন্যায় সুবিধা নেয়ার উদ্দেশ্যেও ব্যবহৃত হয়নি বলে নিশ্চিত করে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের নিয়ম অনুযায়ী, চিকিৎসকের অনুমোদিত ওষুধ ব্যবহারের সুযোগ থাকলেও তা গ্রহণের সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে, যা অফ-পিরিয়ডে না মানায় অপরাধী সাব্যস্ত হন শুট। গতকাল এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘প্রেসক্রিপশনের ওষুধসংক্রান্ত গাইডলাইন অমান্য করার কারণেই এ নিষেধাজ্ঞা। এটি খেলায় সুবিধা নেয়ার মতো কোনো ঘটনা নয়।’ তদন্ত চলাকালেই বাংলাদেশের বিপক্ষে মাঠ মাতান শুট।

তবে অপরাধ প্রমাণিত হওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি এবং নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান তিনি। নিজের অনাকাঙ্ক্ষিত ভুলের দায় স্বীকার করে বোর্ড ও সমর্থকদের কাছে ক্ষমা চান শুট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এই শাস্তি মাথা পেতে নিচ্ছি এবং নিজের মান ধরে রাখতে না পারায় আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। প্রতিযোগিতার বাইরে হলেও নির্দেশিকা পুরোপুরি মেনে চলা পেশাদার অ্যাথলেট হিসেবে আমারই দায়িত্ব ছিল।’ অস্ট্রেলিয়ার হয়ে ২৪৪ আন্তর্জাতিক ম্যাচে ৩১৯ উইকেটের মালিক মেগান শুট টি-টোয়েন্টিতে অজিদের সর্বকালের সর্বোচ্চ (১৫২) উইকেটশিকারি।