মেসিকে ‘হাটে হাঁড়ি ভাঙতে’ বললেন লাপোর্তার প্রতিদ্বন্দ্বী

ফন্ট সাইজ:

বার্সেলোনার আসন্ন সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্পটিফাই ক্যাম্প ন্যুয়ের অন্দরমহলে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। কাতালান ক্লাবটির বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার বিরুদ্ধে লিওনেল মেসির প্রত্যাবর্তন আটকে দেয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন পদপার্থী ভিক্তর ফন্ত। ভোটাররা যাতে লাপোর্তার ‘মিথ্যা তথ্যে’ বিভ্রান্ত না হন, সেজন্য খোদ মেসিকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তিনি। এই বিতর্কের সূত্রপাৎ জাভি হার্নান্দেজের একটি মন্তব্য থেকে। কাতালানদের সাবেক খেলোয়াড় ও কোচ দাবি করেন, ২০২৩-এ প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) অধ্যায় পরপরই মেসির সঙ্গে তার যোগাযোগ হয়। তখন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক তার পুরনো ডেরা ক্যাম্প ন্যুতে ফিরতে চাচ্ছিলেন। লা লিগার পক্ষ থেকে আর্থিক ছাড়পত্র থাকার পরও, লাপোর্তা শুধু ব্যক্তিগত ‘আক্রোশের’ কারণে এ দলবদল আটকে দেন। জাভির ভাষ্যমতে, লাপোর্তা তাকে সরাসরি জানান যে, মেসি বার্সায় ফিরলে ক্লাবে তার একাধিপত্য নষ্ট হয়ে হতে পারে, যা তিনি চাননি।
তবে জাভির এই অভিযোগকে ‘হাতাশাগ্রস্ত ব্যক্তির প্রলাপ’ বলে উড়িয়ে দেন লাপোর্তা। সমপ্রতি নতুন বিতর্ক উসকে দিয়ে তিনি বলেন, ‘জাভি বর্তমানে তিক্ততায় ভুগছেন। কারণ, তার অধীনে দল হারছিলো এবং বর্তমান কোচ হান্সি ফ্লিকের অধীনে আমরা জিতছি।’ বার্সার বর্তমান সভাপতি আরও দাবি করেন যে, মেসি নিজেই স্পটলাইটের বাইরে থাকতে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। তবে সভাপতি পদপ্রার্থী ফন্ত মনে করেন, লাপোর্তা ‘তরুণ খেলোয়াড়দের সাফল্য এবং নতুন কোচের দোহাই’ দিয়ে মেসির ঘটনাটিকে আড়াল করতে চাইছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, মেসি সত্যটি তুলে ধরবেন বলবেন। সোশ্যিওরা যেন লাপোর্তার তৈরি করা বিভ্রান্তির কবলে পড়ে ভুল প্রার্থীকে ভোট না দেন।’
উল্লেখ্য, কাতালান ক্লাবটির মালিকানায় যাদের ভাগ আছে, তাদেরকে বলা হয় ‘সোশ্যিও’। তাদের ভোটেই বার্সার সভাপতি নির্বাচন হয়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রোববার। আসন্ন নির্বাচনে এই ‘মেসি ফ্যাক্টর’ বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন