আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ

আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ

ফন্ট সাইজ:

ঢাকার পল্টনে অবস্থিত শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘বেগম খালেদা জিয়া উইমেন্স আইএইচএফ নেশনস ট্রফি (এশিয়া জোন ২)’–এর ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পুরো টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখানো ভারতীয় মেয়েরা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা উঁচিয়ে ধরে।

ফাইনালে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী ভারতের গতি ও শারীরিক শক্তির কাছে পিছিয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে লড়াইয়ের চেষ্টা করলেও সফরকারীরা ১৪-৯ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ভারতের ক্ষিপ্র আক্রমণ ও নিটোল রক্ষণভাগের সামনে ব্যবধান আরও বাড়ে। নির্ধারিত সময়ের খেলা শেষে ২৮-১৬ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এর আগে লিগ পর্বের খেলায় ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ এবং শেষ ম্যাচে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইসমেতারা নিশির দল। অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থেকে শিরোপা জয় করে ভারত। ফাইনালের আগে একই মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭-১৫ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে নেপাল।​