আইডিইবির কমিটি বাতিলসহ এফডিইবির তিন দফা দাবি

আইডিইবির কমিটি বাতিলসহ এফডিইবির তিন দফা দাবি

ফন্ট সাইজ:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নতুন গঠিত অন্তর্বর্তীকালীন ৩৭ সদস্যের কমিটি বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বুধবার এফডিইবির সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন এ হুশিয়ারি করেন। প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৯ অক্টোবর সমাজকল্যাণ অধিদপ্তর থেকে আইডিইবির ৩৭ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অথচ এ ধরনের কমিটি গঠনের এখতিয়ার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেই। তারা বলেন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ৯(২) ধারা অনুযায়ী, সাময়িকভাবে বরখাস্ত পরিচালকমণ্ডলীর পরিবর্তে সর্বোচ্চ পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি নিয়োগের বিধান রয়েছে। সেখানে ৩৭ সদস্যের কমিটি গঠন আইনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, নতুন কমিটিতে শতভাগ সরকারদলীয় লোকজনকে রাখা হয়েছে। একটি জাতীয় পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্ধারণে এমন একপেশে উদ্যোগ গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ সদস্যদের আস্থার পরিপন্থি। তারা এ কমিটিকে অগঠনতান্ত্রিক, একপেশে ও অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানান।
এফডিইবির তিন দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান কমিটি বাতিল করে সব মত ও পথের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নয় সদস্যের নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন; আগের নির্বাচনী প্রক্রিয়া স্থগিতের কারণ প্রকাশ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা; এবং নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর।

বিবৃতিতে নেতারা বলেন, আইডিইবির নেতৃত্ব নির্ধারিত হতে হবে সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের মতামত, গণতান্ত্রিক অধিকার ও গঠনতান্ত্রিক বিধানের ভিত্তিতে। কোনো একক রাজনৈতিক পক্ষের প্রভাবের ভিত্তিতে নয়, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সংগঠনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত। তারা আরও বলেন, দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।