কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়। তাদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামলে বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। পরে লাইফগার্ডকর্মী ও স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করেন। তবে তাদের মৃত্যু হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং জানান নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, হিমছড়ি-দরিয়ানগরসহ কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অন্তত ২০টি গুপ্তখাল সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল নিশানা টানানো হলেও অনেকে তা উপেক্ষা করে গোসলে নামছেন।
