চ্যাম্পিয়নস লীগ মানেই রোমাঞ্চ ও নাটকীয় সব মুহূর্তের সাক্ষী হওয়া। মঙ্গলবার রাতেও এর ব্যত্যয় ঘটেনি। শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে অদ্ভুত এক নাটকীয়তার জন্ম দিলো বার্সেলোনা। একেবারে অন্তিম মুহূর্তে গিয়ে পেনাল্টি থেকে লামিন ইয়ামালের গোলে ১-১ সমতায় ড্র করে মাঠ ছাড়লো কাতালানরা। অন্যদিকে, লিভারপুলের হয়ে শততম ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে আর্নে স্লট দেখলো এক বিষাদময় পরাজয়। তবে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার গোলকিপারের অবিশ্বাস্য ভুল! ৬৩ বছর পর একে অপরের মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার। হাইভোল্টেজ ম্যাচটি যে এমন একপেশে হবে, তা কজনই বা ভেবেছিল! ৫-২ গোলের হারের রাতে গোলকিপার আন্তোনিন কিনস্কি হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় রাত কাটালো। অ্যাটলেটিকোর মাঠে স্রেফ ২৩ মিনিটের মধ্যে ৪ গোল হজম করে ইংলিশ জায়ান্টরা। গোলকিপার কিনস্কি দু’বার পা পিছলে পড়ে গেলে দু’বারই স্বাগতিকদের এগিয়ে নেন মার্কোস লরেন্তে ও হুলিয়ান আলভারেজ। ১৭তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ ইগর টুডোর। আর্জেন্টাইন তারকা আলভারেজের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন আতোয়ান গ্রিজম্যান ও রবিন লে নরম্যান্ড। তবে স্পার্স কোচের ভাষ্য, দলের চেক প্রজাতন্ত্র গোলকিপারের ক্যারিয়ার বাঁচাতেই তাকে দ্রুত তুলে নেন তিনি। টুডোর বলেন, ‘যা ঘটেছে তা সত্যিই বিরল। ১৫ বছরের পেশায় এর আগে কখনো এমন সিদ্ধান্ত নিইনি। ছেলেটাকে আগলে রাখতে এবং দলের ভারসাম্য বজায় রাখতেই আমি এই পথ বেছে নিয়েছি।’
ঘরের মাঠে শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি নিউক্যাসেল ইউনাইটেডের। ম্যাচের ৮৬তম মিনিটে বদলি খেলোয়াড় জ্যাকব মারফির ক্রস থেকে হার্ভি বার্নসের দুর্দান্ত ফিনিশিংয়ে জয়ের সুবাস পাচ্ছিলো স্বাগতিকরা। তবে নাটকের তখনও বাকি। যোগ করা সময়ে বার্সার দানি ওলমোকে ডি-বক্সের ভেতর ফাউল করেন মালিক থিয়াও। স্নায়ুচাপ ধরে রেখে পেনাল্টি নিতে এগিয়ে আসেন লামিন ইয়ামাল। পথ হারাননি স্প্যানিশ তরুণ তুর্কি। যোগ করা ষষ্ঠ
মিনিটের সেই গোলে হার এড়ায় কাতালানরা।
স্লটের শততম ম্যাচে ইস্তাম্বুলে লিভারপুলের হতাশা
লিভারপুলের ডাগআউটে আর্নে স্লটের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেনি লিভারপুল। ইস্তাম্বুলে গ্যালাতাসারেইরের কাছে ১-০ গোলে হেরে ব্যাকফুটে অলরেডরা। ম্যাচের স্রেফ সপ্তম মিনিটে কর্নার থেকে মারিও লেমিনার গোলের জবাব দিতে পারেনি ইংলিশ জায়ান্টরা।
ম্যাচটিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। ইব্রাহিমা কোনাতের একটি হ্যান্ডবলের কারণে বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্লট। গোলপোস্টের নিচে চোটে থাকা আলিসন বেকারের পরিবর্তে মাঠে নামা জর্জি মামারদাশভিলি দারুণ কিছু সেভ না দিলে ব্যবধান আরও বাড়তে পারতো।
কেইনকে ছাড়াই গোলবন্যা বায়ার্নের
পায়ের চোটে দলের মূল স্ট্রাইকার হ্যারি কেইন বেঞ্চে থাকলেও তার নূন্যতম অভাব বুঝতে পারেনি বায়ার্ন মিউনিখ। আতালান্তার মাঠে বাভারিয়ানদের জয় ৬-১ গোলে। ইতালির বারগামোতে জোড়া গোলের পাশাপাশি পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করান মাইকেল ওলিসে। জার্মান জায়ান্টদের হয়ে গোলদাতার তালিকায় নাম লেখান সার্জি নাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালাও। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ফিরতি লেগে দলগুলো মাঠে নামবে আগামী ১৭ই মার্চ।
বিস্ময়কর ইয়ামাল, স্পার্স গোলকিপারের ভুল
স্পোর্টস ডেস্ক
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
