পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের (আড়াই বছর) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে এক ভাই পানিতে তলিয়ে যেতে থাকলে অপর ভাইও পানিতে নামে। শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়। নিহত দুই শিশু উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার জমজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে প্রথমে এক ভাই পানিতে পড়ে যায়। পরে অপর ভাইও পুকুরে নামলে দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। দুই সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।