এশিয়ান প্যারা গেমসে হতাশার একদিন

এশিয়ান প্যারা গেমসে হতাশার একদিন

ফন্ট সাইজ:

এশিয়ান প্যারা গেমসের মতো আসরে টিকে থাকতে পারলেন না বাংলাদেশের দুই স্প্রিন্টার। পুরুষদের টি ৪৭ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টের হিটে দাঁড়ান পারভেজ মিয়া। প্রথমবার স্টার্টিং পয়েন্টে দৌড় শুরুর আগ মুহূর্তে উপুড় হতে না পারায় হলুদ কার্ড দেখান বিচারক। পরে যখন স্টার্টআপ বেজে ওঠে, হলুদ কার্ড দেখে মন ভেঙে পড়ায় অন্যদের সঙ্গে দৌড় শুরু করতে এক সেকেন্ড দেরি করে ফেলেন পারভেজ। আর এতেই তার কপালে জুটেছে ছয়জনের মধ্যে পঞ্চমস্থান। অন্যদিকে দৌড়’ই দিতেই পারেননি ইমতিয়াজ। দুই দুইবার ফলস স্টার্টের কারণে লালকার্ড দেখে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। শিষ্যদের নিয়ে দলের কোচ আল আমিন বলেন, ‘ওরা অনেক চেষ্টা করেছে। কিন্তু বড় আসরে এসে কিছুটা হলেও ভড়কে গেছে। পারভেজ দৌড়াতে পারলেও ইমতিয়াজ কাত হয়ে পড়ে যাচ্ছিল একদিকে।

এটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য।’ এদিকে হতাশ করেছেন এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণজয়ী চৈতী রানী দেবও। শটপুটে খুব একটা ভালো করতে পারেননি তিনি। অন্য দেশের ক্রীড়াবিদদের উচ্চতার সঙ্গে খুবই খর্বকায় ছিলেন তিনি। তাই খুব বেশি দূরত্বে গোলকনিক্ষেপ করতে পারেননি চৈতী। যদিও এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এই ইভেন্টে খেলেননি তিনি। ছয় নম্বরে নিজের খেলা শেষ করেছেন। কোচ আল আমিন বলেন, ‘এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে চৈতীর জেতা স্বর্ণের দু’টি ইভেন্টই নেই এশিয়ান প্যারা গেমসে। ১০০ মিটার স্প্রিন্ট ও জ্যাভলিন থ্রো না থাকায় চৈতীকে শটপুট ও ডিসকাস থ্রোয়িংয়ে দুইমাসের অনুশীলন করে গেমসে অংশ নিয়েছে। কিন্তু তার প্রস্তুতি পদক জেতার মতো হয়নি।’ অন্যদিকে প্যারা আরচারিতে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন জুমা আক্তার ও আল আমিন হোসেন। আগামীকাল চৈতী রানী ডিসকাস থ্রো এবং ছেলেদের হাইজাম্পের টি৪৪ ইভেন্টে লড়বেন সেলিম রেজা।