সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়সহ সাতজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। নিষিদ্ধদের মধ্যে একজন বিচারক ও একজন আয়োজকও আছেন। নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে এক বছর পর্যন্ত। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন শ্রুতর্শী রায় ও আয়োজক-খেলোয়াড় হাদিউজ্জামান। দু’জনকেই এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন চারজন। তারা হলেন- যদুনাথ বিশ্বাস, অরুপ গোলদার ও নেত্রকান্ত সরকার এবং বিচারক এফএম শারাফাতুল ইসলাম।
আরেক খেলোয়াড় কাসেদ আলীকে নিষিদ্ধ করা হয়েছে তিন মাসের জন্য। ফেডারেশন জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতাটির সুষ্ঠু পরিচালনা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আয়োজক, বিচারক ও খেলোয়াড়দের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়া হয়। তাদের ব্যাখ্যা ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১২ই অক্টোবর থেকে। ভবিষ্যতের জন্য বার্তাও দিয়েছে ফেডারেশন। দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতেও নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
