ব্যাটারদের মাইন্ডসেট পরিবর্তনের তাগিদ তানজিদের

ব্যাটারদের মাইন্ডসেট পরিবর্তনের তাগিদ তানজিদের

ফন্ট সাইজ:

ঘরের মাঠে সাফল্য মিললেও বিদেশে ধারাবাহিকতার অভাব ঘোচাতে ব্যাটারদের মানসিকতা ও পরিকল্পনা বদলানোর তাগিদ দিয়েছেন তানজিদ হাসান তামিম। স্কিল বা দক্ষতার চেয়ে মানসিকভাবে মানিয়ে নেয়াকে মূল চ্যালেঞ্জ মনে করছেন বাঁহাতি এই ওপেনার।

গতকাল আফগানিস্তান ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিদ বলেন, ‘স্কিলের সমস্যা থাকলে আমরা ঘরের মাঠেও ভুগতাম। ঘরের মাঠে যেভাবে খেলি, একই মানসিকতা নিয়ে দেশের বাইরেও যদি খেলতে পারি, একই রকম প্রস্তুতি নিয়ে দল হিসেবে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে।’ ওয়ানডে ক্রিকেটে বড় স্কোর গড়ার বা তাড়া করার চাপ সামলাতে ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন এই তরুণ ওপেনার। তিনি বলেন, ‘আমরা যদি ৩০০-৩৫০ চিন্তা না করে ছোট ছোট লক্ষ্য ধরে খেলি, তাহলে আমার মনে হয় কাজটা সহজ হবে। আমাদের এভাবেই মানসিকতা তৈরি করতে হবে।’ জিম্বাবুয়ের কাছে হারের পর দলের আত্মবিশ্বাস ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা একটা পরিবারের মতো। কেউ চায় না এই পরিবারের মধ্যে নেতিবাচক কিছু তৈরি হোক। আমাদের সবাইকে এক সঙ্গে থেকে দল হিসেবে ভালো করতে হবে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে না অস্ট্রেলিয়া, সেটা না ভেবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে সমান মনোযোগ ও প্রস্তুতি নিয়ে খেলতে হবে।’ জিম্বাবুয়ের কাছে হারের পর দলের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন জানিয়ে তানজিদ বলেন, ‘আসলে বলা যায় বিসিবি সভাপতির সাথে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের। বিসিবি আমাদের ভালো-খারাপ সময়ে সবসময় পাশে থাকে। আমাদের কোন সমস্যা হচ্ছে কিনা, কোন সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা আমরা। সবকিছু মিলিয়ে উনি আমাদের আরও আত্মবিশ্বাস জুগিয়েছেন।’ ২০২৬ সালে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ ছন্দে রয়েছেন তানজিদ হাসান তামিম। চলতি বছরে এখন পর্যন্ত তিনি ১২টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৪.১৮ গড়ে ৪৮৬ রান সংগ্রহ করেছেন। এই বছর ১০৩.৮৫ এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করা তানজিদ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি (১০৭ রান) হাঁকান এবং পাশাপাশি ৫টি হাফ-সেঞ্চুরিও করেন তিনি।

এ বছর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার পাশাপাশি বৈশ্বিক ওয়ানডে রানসংগ্রাহকদের তালিকায়ও ওপরের দিকে জায়গা করে নিয়েছেন তানজিদ।ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। এ ইনিংসে তানজিদ ৯টি চার ও ১টি ছক্কা হাঁকান। লাল বলের ক্রিকেটেও তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে খেলেন ১০১ রানের ইনিংস। যেটি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি।