দুইদিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে এসেছিলেন তিনি। এই যাত্রাপথে ঢাকায় দেড় ঘণ্টার এক বিরতি নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল আবার ফেরার সময় ছিলেন প্রায় ৪৫ মিনিট। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এই সময় ইনফান্তিনো বাংলাদেশকে ঘরোয়া ফুটবলের উন্নতি করতে করতে বলেছেন। ফাহাদ করিম ফিফা সভাপতির সঙ্গে আলাপচারিতা নিয়ে বলেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে তার সঙ্গে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন।
টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’ ভুটানে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ফিফার অর্থায়ন নিয়ে বাফুফে সহ-সভাপতি জানান, ‘ট্যাকনিক্যাল সেন্টারে আমাদের ফিফা’র একটি বড় প্রজেক্ট রয়েছে। সেখানে আরও সহায়তা লাগলে সেটার আশ্বাস ভুটান যাওয়ার আগেই দিয়েছেন। মার্চে ফিফা কংগ্রেসে সকল দেশের অনুদানই বাড়ার প্রস্তাব রয়েছে। সেটা পাস হলে বাংলাদেশও ভালো অঙ্ক পেতে পারে।’ জাপানের টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ কংগ্রেস। বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক এরই মধ্যে টোকিও যাওয়ায় ফিফা সভাপতিকে গতকাল ঢাকা বিমানবন্দরে ফেডারেশনের পক্ষে অভ্যর্থনা দিয়েছেন দুই সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ফিফা সভাপতিও টোকিও যাবেন এএফসি সভায়।
