মিরপুরে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুরে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ

ফন্ট সাইজ:

বাংলাদেশ সফরে এসে একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। গতকাল মিরপুর স্টেডিয়ামের প্রথম দিনের অনুশীলন করে ক্যারাবিয়ানরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুই ধাপে ঢাকায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ঘাম ঝরান দীর্ঘ সময়। শুধু তাই নয় মাঠে এসে দলের কোচ ড্যারেন স্যামি মিরপুরের উইকেট পর্যবেক্ষণ করেন। এখন পর্যন্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল ২২টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৫টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটি ম্যাচে এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে। দুই দল মিলে সর্বমোট ১১টি টেস্ট সিরিজ খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল জিতেছে আটটি সিরিজে। বাংলাদেশ ক্রিকেট দল জয় পেয়েছে দু’টি সিরিজে এবং একটি সিরিজ ড্র হয়েছে।

ক্যারিবীয়রা অনুশীলন করলেও মাঠে বাংলাদেশ দল আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেনি। যদিও টাইগারদের টেস্ট দলের অন্যতম সদস্য মুমিনুল কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। তখন তাকে ব্যাটিংয়ে ভুল শুধরে দিতে কিছু টিপস দিতে দেখা যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফীসকে। অন্যদিকে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ। ২৮শে অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৫ই নভেম্বর সিলেট স্টেডিয়ামে সিরিজের দুই দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ দল চার নম্বরে রয়েছে। তারা ৬টি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জিতেছে। তারা দু’টি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। বাংলাদেশের সামনে ফাইনাল খেলার দারুণ সুযোগ।

আসন্ন ৬টি টেস্ট ম্যাচের ৪টিতে জিতলেই ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজ দল আট নম্বরে অবস্থান করছে। তারা ১২টি ম্যাচ খেলে জিতেছে দু’টি ম্যাচে। তারা ৮টি ম্যাচে হেরেছে এবং দু’টি ম্যাচ ড্র করেছে। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা বলা থাকলেও শেষ পর্যন্ত তা কমিয়ে দুইদিনে আনা হয়েছে। আগামী ২২ ও ২৩শে অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়াম, এবিজি স্পোর্টস সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্যারিবীয়দের বিপক্ষে বিসিবি একাদশে টেস্ট দলের কোনো ক্রিকেটারকে রাখা হচ্ছে না।