ভিসার অনুমোদন ও বার কোড থাকার পরও কাগজপত্রে একটি কালো দাগের কারণে এয়ার অ্যারাবিয়ার বোর্ডিং কার্ড পাননি মুহতাসিন আহমেদ হৃদয়। ফলে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সতীর্থদের সঙ্গে তাসখন্দ যাওয়া হয়নি দেশের এক নম্বর র্যাঙ্কিংধারী এই পুরুষ খেলোয়াড়ের। অবশেষে এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন এবং উজবেকিস্তান ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে জটিলতা কাটিয়ে গতকাল উজবেকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছেন হৃদয়।
অন্যদের মতো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার বিমানবন্দরে গিয়েছিলেন হৃদয়ও। কিন্তু ভিসার অনুমোদন ও বার কোড থাকা সত্ত্বেও কাগজপত্রে একটি কালো দাগের কারণে তাকে বোর্ডিং কার্ড দেয়নি এয়ার অ্যারাবিয়া। জানা গেছে, হৃদয়সহ কয়েকটি দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর সাময়িক নিষেধাজ্ঞার কারণে এই জটিলতা তৈরি হয়েছিল। ফলে নির্ধারিত সময়ে তাসখন্দে পৌঁছাতে পারেননি বাংলাদেশের এই শীর্ষ খেলোয়াড়। অনেক চেষ্টার পর অবশেষে তার যাত্রার পথ খুলেছে। তবে দেরিতে পৌঁছানোর কারণে দলগত ইভেন্টে অংশ নেয়া হচ্ছে না হৃদয়ের। এখন এককের ম্যাচগুলোতে খেলার লক্ষ্য তার। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর হৃদয়ের এককের ম্যাচগুলোর সময়সূচি পুনর্নির্ধারণ করেছে আয়োজক কমিটি। ফলে দেরিতে তাসখন্দে পৌঁছালেও এককে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন হৃদয়।
