চ্যাম্পিয়নস লীগে আর্সেনালের বিপক্ষে আজ বড় পরীক্ষা বায়ার্ন মিউনিখের। তবে ম্যাচের ঠিক আগে বাভারিয়ানদের শিবিরে বড় রকমের অস্বস্তি দেখা দিয়েছে। দলের কোচ ভিনসেন্ট কোম্পানির ফিটনেস নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা। ব্যাকপেইন এবং তীব্র ভাইরাল ইনফেকশনের কারণে এই বেলজিয়ান কোচের ডাগআউটে দাঁড়ানো নিয়েই এখন প্রশ্ন উঠেছে। গত শনিবার জার্মান বুন্ডেসলিগার ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে কোমরে তীব্র ব্যথা অনুভব করেন কোম্পানি। একই সঙ্গে ভাইরাসে আক্রান্ত থাকায় তিনি ম্যাচের প্রায় পুরো সময়টাই বেঞ্চে কাটান। তার অনুপস্থিতিতে সহকারী কোচ অ্যারন ডাংকস সাইডলাইন থেকে প্রায় পুরো দলের দায়িত্ব সামলান।
জার্মান সংবাদপত্র ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার দলের গোপন অনুশীলনে অংশ নিতে পারেননি কোম্পানি। তিনি তখন বাড়িতেই ছিলেন। দলের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বায়ার্ন শিবির এই অসুস্থতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। লাইপজিগ ম্যাচের আগে দলের সঙ্গে কথা বললেও, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধের বিরতি এবং ফাইনাল হুইসেলের পর তাকে লকার রুমের একটি সোফায় শুয়ে কাটাতে হয়েছে। টিভি ও সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে কোম্পানি স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারেলকে প্রেসের সামনে পাঠান। ম্যাক্স এবারেল স্কাই স্পোর্টসে বলেন, ‘কোম্পানি এখন কোচদের ড্রেসিংরুমে শুয়ে আছে। সে সত্যি বলতে ভালো নেই।’ তবে তিনি আশাবাদী যে আর্সেনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কোচ সুস্থ হয়ে উঠবেন। বায়ার্ন মিউনিখ কর্মকর্তা ও ক্লাব ম্যানেজমেন্টের বিশ্বাস, ম্যাচের আগেই কোম্পানি দলের ডাগআউটে ফিরতে পারবেন। রোববার তিনি সাবেনার স্ট্রিটে অনুশীলনেও ফেরেন, যা একটি ইতিবাচক দিক।
হাইভোল্টেজ ম্যাচটির আগে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল উভয় দলকেই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে হচ্ছে। বায়ার্নের জন্য সবচেয়ে বড় ধাক্কা মাইকেল ওলিসের এক ম্যাচের নিষেধাজ্ঞা। ভাইকিংয়ের বিপক্ষে বাজে ফাউল ও বল ছুড়ে মারার কারণে তিনি নিষিদ্ধ হয়েছেন। শুরুর একাদশে তার জায়গায় সাবেক আর্সেনাল তারকা সার্জ গ্যানাব্রির চেয়ে ১৮ বছর বয়সী বিস্ময়বালক লেনার্ট কার্ল এগিয়ে রয়েছেন। এ ছাড়া থাই চোটের কারণে জামাল মুসিয়ালাকে পাচ্ছেন না কোচ কোম্পানি। লাইপজিগের বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়ে ৭ মিনিটে মাঠ ছাড়ায় ডিফেন্ডার কিম মিন-জাইয়ের খেলা নিয়েও বড় শঙ্কা রয়েছে। তবে বায়ার্নকে স্বস্তি দিয়ে পায়ের চোট কাটিয়ে গোলপোস্টের নিচে ফিরছেন ম্যানুয়েল নয়্যার। আর্সেনালের বিপক্ষে হ্যারি কেইনের দারুণ রেকর্ড রয়েছে। যদিও শেষ দুই ম্যাচে তিনি গোল পাননি। অন্যদিকে গানারদের জন্য স্বস্তির খবর হলো মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি চোট কাটিয়ে ফিট হয়ে গেছেন।
তবে পিঠের চোটে উইলিয়াম সালিবা, গোড়ালিতে পিয়েরো হিনকাপি এবং হ্যামস্ট্রিংয়ে ক্রিস্টোস সোলিস এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। নটিংহ্যাম ফরেস্ট ম্যাচের মতো ম্যাডুয়েকে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। পাশাপাশি জুরিয়েন টিম্বার, মাইলস লুইস-স্কেলি এবং ভিক্টর ইয়োকেসকে একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই রাতে মাঠে নামছে ইউরোপের আরও সব জায়ান্টরা। ইতালির ক্লাব কোমোর মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১১টায়। রাত ১টায় ইতালির আরেক ক্লাব ইন্টার মিলান আতিথেয়তা জানাবে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে। একই সময়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মাঠে নামবে জার্মানির আরবি লাইপজিগ। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মাঠে খেলবে আগের ম্যাচে বায়ার্নকে আটকে দেয়া নরওয়ের ভাইকিং।
