সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

ফন্ট সাইজ:

ফিফার সর্বশেষ নারী র‌্যাঙ্কিং অনুযায়ী এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছে মারিয়া মান্ডার দল। আজ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই তালিকা প্রকাশ করে। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে দল। উত্তর কোরিয়ার বিপক্ষে হজম করেছে ১০ গোল। দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৬ গোলে। দুই ম্যাচে ১৬ গোল খেলেও রেটিং পয়েন্টে বড় ধাক্কা লাগেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট কমেছে ০.০৬। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কমেছে ০.২৮। কারণ, র‌্যাংকিংয়ে দুই দলের চেয়ে প্রায় ১০০ ধাপ পিছিয়ে ছিল বাংলাদেশ।


উন্নতির বড় ভূমিকা মিয়ানমার ম্যাচের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এতে রেটিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। দলের মোট পয়েন্ট এখন ১১৭৫.৩৫। এই বাড়তি পয়েন্টেই এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ড্র করে র‌্যাংকিংয়ে পিছিয়েছে মিয়ানমার। ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটির পয়েন্ট কমেছে ৫.৫৪। ৫৫তম স্থান থেকে এক ধাপ নেমে তারা এখন ৫৬তম। এই মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই আন্তর্জাতিক উইন্ডোতে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও এসেছিল লাল-সবুজ মেয়েরা।



​