মিয়ানমারের বন্দি নেত্রী অং সান সু চিকে দুটি বই পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সোমবার মিয়ানমারের সামরিক সরকার ছবি প্রকাশ করে জানিয়েছে, কর্মকর্তারা সু চির কাছে বই দুটি এবং একটি সিলগালা করা চিঠি পৌঁছে দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
৮১ বছর বয়সি সু চিকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে বন্দি রাখা হয়েছে। এদিকে, অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং সম্প্রতি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছেন। তিনি এখন মিয়ানমারের আন্তর্জাতিক একঘরে অবস্থা কাটানোর চেষ্টা করছেন। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে থাকা এই নেতা এশিয়া জুড়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ করছেন। সু চিকে দেয়া বই দুটির নাম ‘সয়েল টু টেবিল’ এবং ‘সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট’। ব্রিটিশ বাগান বিশেষজ্ঞ ব্রিজেট এলওয়ার্থি ও হেনরিয়েটা কোর্টাল্ডের লেখা ‘সয়েল টু টেবিল’ বইটি মাটি ও আমাদের খাবারের মধ্যকার সম্পর্ক নিয়ে লেখা। অন্য বইটি গত বছর লন্ডনে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ক্যাটালগ।
১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী সু চি বন্দিজীবনে প্রচুর বই পড়েন বলে জানা যায়, যার মধ্যে ধর্ম ও প্রকৃতি বিষয়ক বই অন্যতম। সামরিক অভ্যুত্থানের পর শুরুতে সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হলেও গত জুনে তাকে গৃহবন্দি করা হয়। গত আগস্টে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের এক প্রতিনিধির সঙ্গে তার ছবি প্রকাশ করেছিল সরকার। আড়াই বছর আগে ছেলে কিম অ্যারিসকে লেখা চিঠির পর বিদেশিদের সঙ্গে সেটিই ছিল তার প্রথম কোনো নিশ্চিত যোগাযোগ। লন্ডনে বসবাসরত কিম অ্যারিস দীর্ঘদিন ধরে তার মায়ের মুক্তির জন্য কাজ করছেন। সে সময় ছবি দেখে তিনি জানিয়েছিলেন, তার মায়ের স্বাস্থ্য ভালো আছে বলেই মনে হচ্ছে।
