৩৪ বছরেই চলে গেলেন মডেল সাহারা রে

৩৪ বছরেই চলে গেলেন মডেল সাহারা রে

ফন্ট সাইজ:

অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সাহারা রে মারা গেছেন। মাত্র ৩৪ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও অনুসারীদের মধ্যে। চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের মা হয়েছিলেন তিনি। কয়েক মাস বয়সী মেয়ে স্নোকে রেখে পৃথিবী ছেড়ে গেলেন সাহারা। গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন বলে জানিয়েছে পরিবার।

সাহারার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, ফেন্টানিল নামের শক্তিশালী ব্যথানাশকের অতিরিক্ত মাত্রা তার মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে। তবে এ তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। ২০১৬ সালে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের গুঞ্জনে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন সাহারা। এর আগে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। অস্ট্রেলিয়ার পরিচিত সার্ফার টনি রের মেয়ে সাহারা ২০১৪ সালে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেন। মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসেবেও পরিচিতি পান তিনি। ২০২৪ সালে গাড়ি দুর্ঘটনার পর গিয়াঁ-বারে সিনড্রোম নামের বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন সাহারা। এতে তার চলাফেরার ক্ষমতা ব্যাহত হয়েছিল।

এ ছাড়া ২০২১ সালে মাদক ও অ্যালকোহলনির্ভরতা থেকে মুক্তি পেতে পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে নিয়মিত পোস্ট দিতেন সাহারা। তার মা গ্রেচেন বাখের ভাষ্য, সাহারা ছিলেন ভালোবাসায় পরিপূর্ণ, সদয় ও আবেগপ্রবণ একজন মানুষ।