কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবেশী ফরিজা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক সামশুল আলম। মৃত বিড়াল নিয়ে থানায় হাজির হোন ওই ব্যক্তি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সামশুল আলম দীর্ঘদিন ধরে বিড়ালটিকে অত্যন্ত যত্নে লালন-পালন করে আসছিলেন। সোমবার সকালে তিনি নিজের ছাগল বাড়ির পেছনের একটি খালি জায়গায় বেঁধে রাখতে যান। এ সময় বিড়ালটিও তার পেছন পেছন যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পোষা কুকুরটি বিড়ালকে কামড় দেওয়ার চেষ্টা করে। সামশুল আলম কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটান। এতে গুরুতর আহত হয়ে বিড়ালটি মারা যায়।
ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বিড়ালের মালিক সামশুল আলম বলেন, ‘শুধু একটা বিড়াল না, ও আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।’
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘বিড়াল হত্যার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
