অঘোষিত সফরে ইসরাইলে পিট হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

অঘোষিত সফরে ইসরাইলে পিট হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক অঘোষিত সফরে ইসরাইল গিয়েছেন। এ সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর মিত্র হেগসেথ এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক্সিওস জানায়, আগামী সপ্তাহে ইসরাইলে অনুষ্ঠিত হতে যাওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগেই এই বৈঠক হলো। তবে পেন্টাগন এবং ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা কী নিয়ে আলোচনা করেছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

ডনাল্ড ট্রাম্পের সমর্থন

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই সমর্থন জানান। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরাইলের প্রথম নির্বাচন। ট্রাম্প তার পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি লেখেন, নেতানিয়াহু কখনোই আপনাদের হতাশ করবেন না!

জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ধর্মীয়-জাতীয়তাবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে বিরোধী দলগুলোর জন্যও সরকার গঠন করা কঠিন হতে পারে। অন্যদিকে, সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তিনি ইসরাইলের নির্বাচনে জড়াচ্ছেন না। ভ্যান্স বলেন, আমি মার্কিন প্রার্থীদের সমর্থন করি এবং মধ্যবর্তী নির্বাচনের দিকেই আমার মনোযোগ।