ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরান সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার বিকেলে তিনি তেহরানে অবতরণ করেন। এরপর ইরানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যু আলোচনার কথা। এ আলোচনায় যুদ্ধ বন্ধের চেষ্টা থাকবে বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা।
মস্কো বলেছে, কয়েক মাস ধরে এই যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনাকে প্রশমন করার অংশ হিসেবে এই সফর। সফরে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে। এর আগেরদিন রোববার বাহরাইনে অবস্থান করছিলেন ল্যাভরভ। সেখানে রাশিয়া ও পারস্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) মধ্যে কৌশলগত ডায়ালগ সেশনে অংশগ্রহণ করেন। জিসিসিভুক্ত সদস্যরা গুরুতর আলোচনা এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য তেহরানের ওপর রাশিয়ার প্রভাব বাড়ানোর আহ্বান জানান ল্যাভরভের প্রতি।
জিসিসির প্রধান জসিম আল বুদাইয়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সদস্য দেশগুলোতে ইরান কমপক্ষে ৭ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। সমাপনী বিবৃতিতে ৬ আরব রাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ভবিষ্যত আলোচনায় অন্তর্ভুক্ত করতে ইরানকে রাজি করানোর আহ্বান জানায়।
