কিশোরগঞ্জে ৩০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে ৩০ জন গরিব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছে জেলা পরিষদ। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হুইলচেয়ার উপহার পেয়ে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের স্বস্তি এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তৃতায় সোহেল খান বলেন, সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। জেলা পরিষদের উদ্যোগে আমরা যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি, তার মূল উদ্দেশ্য হলো আমাদের এই ভাইবোনদের চলাফেরাকে একটু সহজ করে দেয়া এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।