বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে, গোসলে নামতেই গৃহবধূর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গোৎসবের মধ্যে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা ওই এলাকার দাশ বাড়ির পলাশ দাশের স্ত্রী। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর মিরসরাই থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

সোমবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব সরকার বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে তাদের অফিসে কেউ অভিযোগ করেননি। তবে কয়েকজন ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন। সোমবার সকালে ফোনে এক নারীর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর পেয়েছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।