কুষ্টিয়ায় জেলা যুবদলের কমিটি গঠনে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে কুষ্টিয়া জেলা যুবদল। এ ধরনের প্রচারণার মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তথ্য যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম বলেন, রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার কোনোভাবেই কাম্য নয়। ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ভুয়া সংবাদ প্রকাশের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা জরুরি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অর্থের বিনিময়ে কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে বলে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের প্রচারণায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য প্রকাশ এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন— কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি এডভোকেট জাকারিয়া আনছার মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাসেদ, যুগ্ম সম্পাদক জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজ্জাকির রাব্বি ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক।
