গাড়িচাপায় আশঙ্কাজনক অবস্থায় থাকা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য হেলেন হেইনসকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবিসি টেলিভিশনের ‘৭.৩০’ অনুষ্ঠানে সরাসরি সাক্ষাৎকার দেয়ার সময় তার চোখে অশ্রু চলে আসে। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তারা নিজেরা সহকর্মীদের সঙ্গে তাদের নিরাপত্তাঝুঁকি ও বিভিন্ন হুমকি নিয়ে আলোচনা করেন কি না। জবাবে আলবানিজ বলেন, ‘হ্যাঁ।’ এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার উদ্বেগ আমার একজন সহকর্মীকে নিয়ে।’ এ সময় তার চোখ ভিজে ওঠে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
হেলেন হেইনসের প্রশংসা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার মধ্যে সততা ও নীতিনিষ্ঠা রয়েছে। তিনি বলেন, তিনি এমন একজন মানুষ, যিনি নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। ওই এলাকার মানুষের কী প্রয়োজন, সে বিষয়ে নিজের মতামত প্রকাশ করতেও তিনি দ্বিধা করেন না। আলবানিজ আরও বলেন, আমি এমন কোনো রাজনৈতিক ব্যবস্থা দেখতে চাই না, যেখানে সুপারমার্কেটে, রাস্তায়, পথসভায় কিংবা জনসভায় মানুষের সঙ্গে কথা বলা যাবে না। তিনি বলেন, এটাই আমাদের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ।
রাজনৈতিক পরিবেশে উত্তেজনা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে আলবানিজ বলেন, আমার মনে হয়, পরিস্থিতির উত্তাপ বেড়েছে। চিৎকার-চেঁচামেচি অনেক বেশি হচ্ছে, কিন্তু আলোচনা হচ্ছে কম। ভদ্রভাবে কথাবার্তা বলা এবং মতবিরোধ প্রকাশের সুযোগও যথেষ্ট নেই। তিনি আরও বলেন, গণতন্ত্রে আমাদের এমন পরিবেশ থাকা উচিত, যেখানে আমরা আলোচনা করতে পারব, রাজনৈতিক বিতর্কে অংশ নিতে পারব এবং ভিন্ন ভিন্ন মতামত তুলে ধরতে পারব। তবে সবকিছুই করতে হবে পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে।
