অবশেষে নেতানিয়াহুকে সমর্থন ট্রাম্পের

অবশেষে নেতানিয়াহুকে সমর্থন ট্রাম্পের

ফন্ট সাইজ:

 ইসরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশেষে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী ২৭শে অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর জন্য স্বস্তিদায়ক। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প তাকে একজন ‘শক্তিশালী, সাহসী ও মেধাবী’ নেতা হিসেবে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। নির্বাচনের মাত্র নয় দিন আগে এই সমর্থন জানালেন ট্রাম্প। এর আগে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধের খবরও শোনা গিয়েছিল। গত জুনে লেবাননে ইসরাইলের হামলা নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প টেলিফোনে নেতানিয়াহুকে ‘বদ্ধ উন্মাদ’ বলে গালি দিয়েছিলেন বলে জানা যায়। ইরানের সঙ্গে এপ্রিলের একটি ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে তিনি ওই সময় লেবাননে আর কোনো হামলা না করার জন্য নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন। তবে এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সবসময়ই নেতানিয়াহুকে সমর্থন করার সিদ্ধান্ত ছিলো তার, এটা প্রকাশ করার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি।
নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার কট্টর ডানপন্থি জোটও বিরোধী নেতা গাদি আইসেনকোটের নেতৃত্বাধীন ‘যাশার’ পার্টির জোটের কাছে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানকে সামরিক ও আর্থিকভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ইসরাইলের ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে একাই ইরানের বিরুদ্ধে লড়তে হবে, যা তিনি করতে ইচ্ছুক নন।

এই সমর্থনের জবাবে নেতানিয়াহু একটি ভিডিও বার্তা প্রকাশ করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরাইলের ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন। মার্কিন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন হলে বিশ্ববাজারে জ্বালানির দাম কমে আসবে, তবে তা কেবল ট্রাম্প ক্ষমতায় থাকলেই সম্ভব।