৩৫০ দিনের অজেয় যাত্রা থামলো বার্সেলোনা মেয়েদের

৩৫০ দিনের অজেয় যাত্রা থামলো বার্সেলোনা মেয়েদের

ফন্ট সাইজ:

সব প্রতিযোগিতা মিলিয়ে দীর্ঘ ৩৫০ দিন ধরে অপরাজিত থাকার পর হারের তেঁতো স্বাদ পেতে হলো বার্সেলোনার মেয়েদের। রোববার লা লিগা এফ-এর ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। এই হারের ফলে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হলো কাতালান মেয়েদের।

বাস্ক অঞ্চলের জুবেতা মাঠে ম্যাচটি শুরু হয় বার্সার নিখুঁত ছন্দে। খেলার বয়স তখন মাত্র এক মিনিট। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে বার্সাকে দুর্দান্ত সূচনা এনে দেন মিডফিল্ডার প্যাত্রি গুইজারো। মনে হচ্ছিল, গতবারের মতো এবারও সহজেই বড় জয় নিয়ে মাঠ ছাড়বে ব্লাউগ্রানারা।

তবে স্বাগতিক সোসিয়েদাদ দমে যায়নি। গত মৌসুমেও এই একই মাঠে বার্সাকে হারের তেঁতো স্বাদ দেয় তারা। ম্যাচের ১৪ মিনিটে সিসিলিয়া মার্কোস এক চমৎকার গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্বাগতিকদের রক্ষণ চিরে বল জালে পাঠান আইয়োহা মারিন। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় গতবারের ট্রেবলজয়ীদের।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। কোচ পেরে রোমেউ একের পর এক বদলি খেলোয়াড় নামিয়েও শেষ রক্ষা করতে পারেননি।

এ হারের ফলে বার্সার অবিশ্বাস্য টানা ৪৫ ম্যাচের অপরাজিত এবং ৩৫০ দিনের জয়রথের অবসান ঘটলো। এর আগে গত বছরের নভেম্বরে এই সোসিয়েদাদের বিপক্ষেই তারা শেষবার হার দেখে।

তবে টেবিলের শীর্ষস্থানটি এখনো বার্সার দখলেই রয়েছে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের এক নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নিজেদের ম্যাচে এস্পানিওলকে ৩-১ গোলে হারায় মাদ্রিদের মেয়েরা। অন্যদিকে, এই ঐতিহাসিক জয়ে সোসিয়েদাদ ৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১১তম স্থানে উঠে এসেছে।