আকাশে খুলে গেল ভারতীয় এয়ার এম্বুলেন্সের দরজা ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে খুলে গেল ভারতীয় এয়ার এম্বুলেন্সের দরজা ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ফন্ট সাইজ:

ভারতের আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল একটি এয়ার এম্বুলেন্স। কিন্তু মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ার এম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড (SKB INFRACON PVT LTD)। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল। উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন। যাত্রী তালিকার তথ্য অনুযায়ী, মারা যাওয়া রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।

তথ্য অনুযায়ী, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য সিগন্যাল পাঠায়। অনুমতি পেয়ে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর রোগীকে দ্রুত নামিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইটে থাকা অন্যরা সুস্থ আছেন। এটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। তাই তাদের কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে পাঠানো হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন জানান, এটি ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। বাংলাদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ছোট্ট উড়োজাহাজটির দরজা খুলে যায়। পরে এটি ঢাকার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চায়। ঢাকায় অবতরণের পরে যানটিতে থাকা রোগীকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।