খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনের অভিযোগে এবার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. রফিকুল ইসলালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক অফিস আদেশে মন্ত্রীর দপ্তরের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এর আগে একই অভিযোগে খাদ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়ালকে (বুলবুল)কে অব্যাহতি দেয়া হয়েছিল। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা বলেন, রফিকুল ইসলামকে দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপিএস আবদুল আওয়ালের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচি জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই সূচি অনুযায়ী, ১১ অক্টোবর পরিদর্শনে যান আবদুল আওয়াল।
সফরসূচিতে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের নিজ বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়। সফরের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠির অনুলিপি দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারি গাড়ির জ্বালানির ব্যবস্থা করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও অনুলিপি পাঠানো হয়।
ওই সফরে আবদুল আওয়ালের সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এপিএসের এই সফরের বিষয়ে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে তিনি বিরক্ত হন। এরপর আবদুল আওয়ালকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে অননুমোদিত সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর গতকাল তাঁকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
