ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ছয় ম্যাচে জয়হীন তারা। যা ২০১৮-১৯ মৌসুমের পর প্রথম। ইংলিশ প্রিমিয়ার লীগে ইল্যান্ড রোডে দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মাইকেল কারিকের শিষ্যরা। পয়েন্ট টেবিলে বর্তমানে ১৩ নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। অন্যদিকে, পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা লিডস গত মার্চ থেকে ঘরের মাঠে নিজেদের অপরাজিত রাখার ধারাবাহিকতা বজায় রাখলো।
বিতর্কিত ঘটনার রেশ কাটিয়ে দলের রক্ষণভাগে ফিরলেও জয় এনে দিতে পারেননি ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। উত্তেজনাকর ম্যাচের ৩৫তম মিনিটে ইউরি টিলেমানসের দুর্দান্ত পাস থেকে ব্রায়ান এমবিউমোর লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে বিরতির পর সমতায় ফেরে লিডস। কর্নার থেকে আসা বলে সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান ডমিনিক কালভার্ট-লেউইন। এরপর দুই দলই আক্রমণের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পায়নি কেউ।
