ধলেশ্বরী নদী থেকে কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের লঞ্চঘাট সংলগ্ন নদীতে কচুরিপানার মধ্যে আটকে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
তবে কিশোরী ধর্ষণ বা অন্য কোনো অপরাধের শিকার হয়েছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের ধারণা, কিশোরীর বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। কিশোরীর পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খবর দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে লঞ্চঘাট এলাকায় কচুরিপানার সঙ্গে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কচুরিপানা নদীর তীরের কাছাকাছি এলে তারা একটি মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আবদুল মাবুদ আজ রোববার সকালে বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কিশোরীর মৃত্যু হয়েছে। তার বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে হতে পারে।’

তিনি আরও বলেন, ‘মরদেহের শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’