নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে দুর্গাপুর পৌরশহরের মধ্যবাজার পুরাতন সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সাজেবুল ইসলাম অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ওসি সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের এলাকায় তেলনজিয়া গ্রামে শ্বশুর বাড়ির পাশে একটি চা দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় আলিফ ফকিরকে। তিনি আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভশন) রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন, সেখানে সীমান্ত চোরাচালান, মাদক, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট ও তথ্য প্রকাশ করতেন।
এ ঘটনায় পরদিন শুক্রবার রাত সাড়ে ১১টায় নিহত আলিফ ফকিরের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা মামলা দায়ের করেন।
