পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে।নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “১৭ জন ঘটনাস্থলেই মারা যান এবং দুজন হাসপাতালে যাওয়ার পথে মারা যান। ২৫ জন আহত হয়েছেন।” আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন গুরুতর আহত। এই পূজামণ্ডপে দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কলকাতার আরও কয়েকটি পূজা মণ্ডপে যেখানে প্রচুর জনসমাগম হচ্ছে সেরকম কয়েকটি মণ্ডপও বন্ধ রাখা হয়েছে।
চোরবাগান পূজামণ্ডপের ঘটনায় নিহতদের পরিবার প্রতি ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মণ্ডপের ভেতরে এমনিতেই ভিড় ছিল। বাইর ঝেঁপে বৃষ্টি হওয়ায় ভিড় আরও বেড়ে যায়। এমন সময় মাইকে কিছু ঘোষণার পর হুড়োহুড়ি শুরু হয়। মণ্ডপ থেকে বের হতে গিয়ে পড়ে যান বেশ কয়েকজন। তারপর মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গেছে, চোরবাগানের মণ্ডপে প্রবেশ করার পরে একটি বৃত্তের মতো ‘এলিভেটেড করিডর’ রয়েছে। সেখান দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরোতে হয়। সেই করিডরেই বিপত্তি ঘটেছে ।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, নিরাপত্তা এবং দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ে তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনার পেছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে ঘটনার তদন্ত হবে।
শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
১ ঘন্টা আগে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, ৮ঃ৫৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
